আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: এক হাতে সেলাই মেশিনের চাকা, অন্য হাতে সংসারের হিসাব। মাসে নিজের আয় মাত্র এক থেকে দেড় হাজার টাকা। স্বামীর আয় পাঁচ হাজার টাকা। এই সামান্য অর্থেই চলে চার সদস্যের পরিবার। অভাবের সংসারে ধারদেনা করেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের ফারজানা আক্তার।
প্রায় ৪০ বছর বয়সী ফারজানার বাড়ির মাটির দেয়াল ভাঙা। সংসারের নাজুক অবস্থার কথা বিবেচনা করে স্থানীয় লুৎফর মাস্টার তাঁকে সাময়িক ব্যবহারের জন্য একটি নতুন ঘর দিয়েছেন। সেখানেই সেলাই মেশিন বসিয়ে কাপড় সেলাই করেন তিনি। চোখের সমস্যার কারণে সুইয়ে সুতা পরাতেও কষ্ট হয়। তবু সংসারের হাল ছাড়েননি।
ফারজানার মেয়ে আয়েশা এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। ছেলে তামিম পড়ে নবম শ্রেণিতে। মেয়ের সাফল্যে আনন্দিত ফারজানা বলেন, ‘যত কষ্টই হোক, মেয়েডারে লেখাপড়া শিখাতি চাই।’
মেয়ের ফলাফলের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারজানা। তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দ হইছে মেয়েডার রেজাল্ট যখন জানতি পারিছি সেদিন। এ প্লাস পাইছে শুনে আশপাশের মানুষও আমার বাড়িতে আইসে মেয়েডারে আদর করিছে। যত কষ্টই হোক, মেয়েডারে লেখাপড়া শিখাতি চাই।’
নিজের শৈশব কেটেছে অভাব আর অনিশ্চয়তায়। তৃতীয় শ্রেণি থেকে অন্যের বাড়িতে থেকে গৃহস্থালির কাজ করেছেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বন্ধ হয়ে যায় তাঁর পড়াশোনা। সেই আক্ষেপ এখনো তাঁকে পোড়ায়। ছোটবেলাতেই মাকে হারান তিনি। পরিবারের কাছ থেকে শুনেছেন, ১৯৮৮ সালের কোনো এক দুর্যোগের সময় তাঁর বয়স ছিল মাত্র দুই মাস। মায়ের মরদেহের পাশে তাঁকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে মামাদের কাছে বড় হন তিনি। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা, সন্তানদের শিক্ষিত করে প্রতিষ্ঠিত করা।
সংসারে মাসে আয় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। এর মধ্যে প্রায় পাঁচ হাজার টাকাই চলে যায় খাবারের পেছনে। বাকি খরচ সামলাতে প্রায়ই ধার করতে হয়। ফারজানা বলেন, ‘কিছুদিন আগেও ছোট ননদের কাছ থেইকে পাঁচ হাজার টাকা ধার করিছি। দুইডা ছাগলও বিক্রি করতি হইছে।’
নিজের পড়াশোনার স্বপ্ন পূরণ হয়নি, তবে সন্তানদের নিয়ে স্বপ্ন থামেনি ফারজানার। সেলাই মেশিনের প্রতিটি ফোঁড়ে তিনি যেন বুনে চলেছেন ছেলে-মেয়ের সুন্দর ভবিষ্যৎ। কষ্টের সংসারে মেয়েটির পড়া লেখায় সহযোগীতা করতে চাইলে ০১৯২২৪৬৭৩৬৯ বিকাশে সহযোগীতা করতে পারেন।
ক্রাইম বার্তা