সাতক্ষীরা সংবাদদাতা:
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও ফিরে আসা জেলেরা।
শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয়।
অপহৃতদের মধ্যে শ্যামনগরের ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালীর নুরুজ্জামান, কালিঞ্চির সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলীর সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান রয়েছেন।
স্বজন ও ফিরে আসা জেলেদের বরাতে জানা গেছে, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে থাকলেও সেখান থেকে একজনকে তুলে নেওয়া হয়। নয় জেলের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা দাবি করা হয়েছে। অন্যদিকে সুরাত আলীর জন্য কম মুক্তিপণ চাওয়া হলেও নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, জেলেদের মাধ্যমে অপহরণের খবর পেয়ে বন বিভাগের টহল দল অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যু দমনে এককভাবে বন বিভাগের অভিযান পরিচালনা কঠিন।
থানার ওসি সাফিউল ইসলাম জানান, মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৮/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা