কারাবন্দি খান রোকোনুজ্জামানকে দেখতে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে গেলেন সাতক্ষীরার দুই এমপি

সাতক্ষীরা সংবাদদাতা: ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাপরাধ মামলায় দন্ডিত কারাবন্দি খান রোকোনুজ্জামানকে দেখতে গেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চিকিৎসা ও মামলার বিষয়ে পরামর্শ দেন দুই সংসদ সদস্য।
সাবেক সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য কাজী শামছুর রহমানের ছেলে কাজী সিদ্দিকুর রহমান জানান, কাশিমপুর কারাগারে বন্দি থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ তাঁকে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করে। গত বুধবার বিষয়টি জানতে পেরে তিনি ওই রাতেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
পরে শুক্রবার সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের দুই সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে যান। সেখানে গিয়ে তাঁরা খান রোকোনুজ্জামানকে হাসপাতালের একটি বারান্দায় হাতকড়া পরা অবস্থায় অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখেন।
দুই সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খান রোকোনুজ্জামান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর সঙ্গে কথা বলেন বিশেষ করে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তাঁর মামলার বর্তমান অবস্থা, চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন তাঁরা।
এ সময় সংসদ সদস্যরা তাঁকে আশ্বস্ত করে বলেন, “আমরা আপনার পাশে আছি, সাতক্ষীরার মানুষও আপনার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আপনার মুক্তি মিলবে এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন।”
কাজী সিদ্দিকুর রহমান জানান, খান রোকোনুজ্জামান সাতক্ষীরার বাসিন্দা। ২০১৩ সালে শেখ হাসিনার সরকারের আমলে সাতক্ষীরায় দায়ের করা যুদ্ধাপরাধসংক্রান্ত মামলায় তিনি দণ্ডিত হন। এরপর থেকে তিনি কারাগারে সাজা ভোগ করছেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। এদিকে খান রোকোনুজ্জামান তাঁর সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান কাজী সিদ্দিকুর রহমান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *