৫ ডিসেম্বর সাতক্ষীরায় সআসছেন জামায়াত আমির- মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবারের জনসভা: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জেলা জামায়াত। আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠেয় এ জনসভাকে স্মরণকালের বৃহৎ সমাবেশে রূপ দিতে দলটির জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।
জনসভা প্রসঙ্গে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামির আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনসভা শুধু লোকসমাগমের বিষয় নয়; বরং মানুষের কাছে সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসনের প্রত্যাশাকে সামনে রেখে এবারের সমাবেশ। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার আহ্বান জানান।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সম্মেলনে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ ও অধ্যাপক গাজী সুজায়েত আলী, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম মুকুল বলেন, সাতক্ষীরার জেলা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হওয়ার কারণে বিগত সরকারের আমলে এ জেলায় নিষ্ঠুর ও নির্মম নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য ভাই শহীদ হয়েছেন, বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিচার হওয়া দরকার। এর আগে জনসভার প্রস্তুতি নিয়ে শহিদুল ইসলাম মুকুল বলেন, “২০২৪ সালের ২৯ নভেম্বর সাতক্ষীরায় আমরা যে কর্মী সম্মেলন করেছিলাম, সেটি সারা দেশের মধ্যে অন্যতম সেরা সম্মেলন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আমিরে জামায়াতও সাতক্ষীরার সেই সম্মেলনের প্রশংসা করেছেন এবং বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছেন।”
তিনি বলেন, এবারের জনসভাকে আরও সুশৃঙ্খল, সুন্দর ও সফল করতে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ নির্বাচন করা হয়েছে। নারীদের অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ সমাবেশে বিপুলসংখ্যক মা-বোনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে নারী সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৪/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *