খেরসনে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২৪

রাশিয়া নিয়ন্ত্রিত উপকূলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার নববর্ষ উদ্‌যাপনের সময় একটি হোটেল ও ক্যাফের ওপর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কো। খবর আনাদোলুর।

খেরসন অঞ্চলের রাশিয়াপন্থি গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, বেসামরিক মানুষ যখন নববর্ষ পালন করছিলেন, ঠিক সেই সময়টাতেই পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। ঘটনাটিকে মস্কো ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

সালদো আরো বলেন, ‘একটি ক্যাফে ও হোটেলে তিনটি ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে ৫০ জনেরও বেশি মানুষ আহত ও ২৪ জন মারা গেছে।’

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আগামী ২-৩ জানুয়ারি খেরসনে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে, যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *