শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম এবং তার মা ও বোনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের অন্তত ৪ জন আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী নাজমুল আহসান জানান, উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী এলাকায় প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে মোঃ রওনক আহসান সিয়াম (১৭) বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থানকালে একদল লোক ধারালো দা, চাইনিজ কুড়াল, লাঠি, লোহার রড ও শাবল নিয়ে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলায় ইমারত হোসেন (৫৫), ফারুক হোসেন (২৭), হারুন অর রশিদ (৩৩), নুরুজ্জামান (৪৬) ও হাসিনা বিবিসহ আরও অজ্ঞাত কয়েকজন অংশ নেয়। তাদের মধ্যে ফারুক হোসেন চাইনিজ কুড়াল দিয়ে তার ছেলের মাথায় কোপ মারার চেষ্টা করলে আঘাতটি বাম কানে লাগে এবং সে গুরুতর রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। পরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাতে তার মাথা, হাত ও পায়ে ভাঙনসহ গুরুতর জখম হয়।

ছেলেকে রক্ষা করতে গেলে তার স্ত্রী রেবেকা সুলতানা (৩৮)-কে শাবল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাকে এলোপাতাড়ি মারধর এবং কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। এ সময় হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তার মেয়ে জারিন তাসনিম সোনালী (১৩) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে কানে গুরুতর জখম করা হয়। তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

এ সময় তার বৃদ্ধ পিতা আব্দুস সবুর (৭৫) এগিয়ে এলে তাকেও লোহার রড দিয়ে আঘাত করে হাত ভেঙে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

স্থানীয়রা জানান, আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় নাজমুল আহসান বাদী হয়ে শ্যামনগর থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এটি মূলত পূর্ব বিরোধের জেরে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাদের দাবি, তারা কারও ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *