মাছের অধিকতর ফলন নিশ্চিতে আধুনিক মাছ চাষে সাতক্ষীরায় খামারীদের নিয়ে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মশলা

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা।।
বিভিন্ন ধরনের মাছ ও ভেনামি চিংড়ি চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (১১জুন) সাতক্ষীরার এল্লারচরে  মৎস্য চাষ প্রদর্শনী খামার  ও প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার মোঃ আসিফ হাসান এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিংড়ি চাষ প্রদর্শনী খামারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মো. আব্দুল বারী।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ ও ভেনামি চিংড়ি চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং কার্যকর বায়োসিকিউরিটি অনুসরণের মাধ্যমে অধিক উৎপাদন ও লাভ নিশ্চিত করা যায়।
প্রশিক্ষণে মাছ ও ভেনামি চিংড়ি চাষের আধুনিক ব্যবস্থাপনা, পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ভেনামি চিংড়ি চাষে বায়োসিকিউরিটি, পানির গুণগত মান পর্যবেক্ষণ, প্রোবায়োটিকের সঠিক ব্যবহার, এয়ারেটর ব্যবস্থাপনা, ফিড কনভার্সন রেশিও উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, আধুনিক মনিটরিং পদ্ধতি এবং টেকসই মৎস্য ও চিংড়ি চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী মৎস্যচাষীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মাছ ও ভেনামি চিংড়ি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থাকে শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *