কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার হিসেবে কৃতিত্ব অর্জনকারী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাকির হোসেনকে শুভেচ্ছা, অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামে জাকির হোসেনের পৈতৃক নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ তাকে ক্রেস্ট প্রদান করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত বিভাগীয় সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলমসহ তারালী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “জাকির দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—এটাই আমাদের প্রত্যাশা। সে যেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারে।”
জানা গেছে, জাকির হোসেন কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এ ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার নির্বাচিত হয়ে প্রধান উপদেষ্টার (Chief Adviser) কাছ থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন। ভবিষ্যতে অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ অ্যাথলেট।
ক্রাইম বার্তা