সুদমুক্ত ঋণে বদলাচ্ছে জীবন: সাতক্ষীরা কাঁঠালতলা মসজিদে বাড়ছে মুসল্লি

আবু সাইদ বিশ্বাস:
অভাবের তাড়নায় অনেক মানুষকে একসময় সুদের ঋণের দিকে হাত বাড়াতে হতো। ঋণের বোঝা আর সুদের চাপে নাকাল হয়ে অনেকের সংসারে নেমে আসত অশান্তি। সেই বাস্তবতায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিভি হাসপাতাল সংলগ্ন কাঁঠালতলা জামে মসজিদ।

মসজিদ থেকে চালু করা হয়েছে বিনা লাভে সুদমুক্ত ঋণদান কর্মসূচি। মসজিদ কমিটির সেক্রেটারি সুলাইমানের নেতৃত্বে একদল যুবক এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ প্রয়োজন অনুযায়ী ঋণ নিচ্ছেন এবং সামর্থ্য অনুযায়ী তা ফেরত দিচ্ছেন। ইতোমধ্যে অনেকে ঋণ নিয়ে উপকৃত হয়েছেন, আবার কেউ কেউ সেই ঋণ পরিশোধও করেছেন।

স্থানীয় মুসল্লিরা জানান, আগে অনেকেই প্রয়োজনের সময় সুদের কারবারিদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতেন। এতে মূল টাকার সঙ্গে সুদের বোঝা বাড়তে থাকত। কাঁঠালতলা মসজিদের এ উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

মুসল্লি আব্দুর রহমান বলেন, “প্রয়োজনে টাকা লাগলে এখন আর সুদের কাছে যেতে হচ্ছে না। মসজিদ থেকেই সহযোগিতা পাওয়া যাচ্ছে। এতে শুধু অর্থের উপকার নয়, মানুষের সঙ্গে মসজিদের সম্পর্কও আরও গভীর হচ্ছে। আগে যারা নিয়মিত আসতেন না, তাদের অনেককেই এখন মসজিদে দেখা যায়।”
আরেক মুসল্লি শফিকুল ইসলাম বলেন, “মসজিদ শুধু নামাজের জায়গা নয়—মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জায়গাও হতে পারে, এই উদ্যোগ তারই উদাহরণ। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম আরও বাড়ানো দরকার।”

মসজিদের ইমাম মাওলানা ওসমান গণি বলেন, “ইসলামে সুদ কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু অসহায় মানুষ যখন বিপদে পড়ে, তখন অনেক সময় বাধ্য হয়ে সুদের টাকা নেয়। তাদের সেই সংকট থেকে বের করে আনতেই এ উদ্যোগ। আমরা চাই, মানুষ সুদ থেকে বেঁচে থাকুক এবং হালাল পথে জীবন পরিচালনা করুক। মানুষের কল্যাণে মসজিদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

সুদমুক্ত ঋণদান কর্মসূচি কমিটির সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “আমাদের উদ্দেশ্য কোনো ব্যবসা করা নয়। একজন মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা এবং সুদের ঋণ থেকে দূরে রাখা। আমরা যতটুকু পারছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যারা ঋণ নিচ্ছেন, তারা সময়মতো ফেরত দিলে সেই অর্থ আবার অন্য একজন অসহায় মানুষের কাজে লাগানো সম্ভব।”

মসজিদ কমিটির সেক্রেটারি সুলাইমান বলেন, “সুদের ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতেই আমাদের এ উদ্যোগ। একজন মানুষ যেন অভাবের কারণে সুদ নিতে বাধ্য না হন—এটাই আমাদের প্রত্যাশা। মসজিদ শুধু নামাজের স্থান নয়, মানুষের কল্যাণের কেন্দ্রও হতে পারে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এ কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।”

স্থানীয়দের মতে, কাঁঠালতলা জামে মসজিদের এ উদ্যোগ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধও বাড়াচ্ছে। সুদমুক্ত ঋণের হাত বাড়িয়ে মসজিদ যেন অসহায় মানুষের জীবনে নতুন আশার দরজা খুলে দিয়েছে।

সমাজের অন্যান্য মসজিদেও এমন উদ্যোগ নেওয়া গেলে দরিদ্র ও অসহায় মানুষ সুদের ফাঁদ থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। একই সঙ্গে মসজিদকেন্দ্রিক সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৭/৯/২৬

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *