সাতক্ষীরায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (যুবক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান।
এ সময় ওই ব্যক্তি জাকারিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ক্রাইম বার্তা