সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুজাইফা সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সাতক্ষীরা শহরের কামালনগর পশু হাসপাতালসংলগ্ন রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় রবিউল ইসলামের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হলে তাঁর প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান বাধা দেন। এর জেরে তাঁকে মারধর করা হয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় বাপ্পীর ছোট ভাই জাকারিয়া খান (১৯) তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামিরা ধারালো ছুরি দিয়ে তাঁর বুকের বাঁ পাশে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তারের পর হুজাইফাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অপরাধ দমনে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
ক্রাইম বার্তা