আবু সাইদ বিশ্বাস: সুন্দরবনের গাছের ডালে ডালে এখন বানরদের ব্যস্ততা। কারও হাতে কেওড়ার ফল, কেউ আবার ফলের খোঁজে ছুটছে এক ডাল থেকে অন্য ডালে। কখনো ফল নিয়ে কাড়াকাড়ি, কখনো দল বেঁধে ছোটাছুটি। বানরদের এমন চঞ্চলতা আর হৃষ্টপুষ্ট চেহারা দেখে সহজেই বোঝা যায়, সুন্দরবনে চলছে কেওড়া ফলের মৌসুম। ফলে দিনের পর দিন বানরদের পদচারণাও বাড়ছে এ বোনে।
সুন্দরবনের নদীতীরবর্তী বনাঞ্চলে এখনো কিছু কেওড়াগাছে ফল রয়েছে। মৌসুম প্রায় শেষের দিকে হলেও অবশিষ্ট ফল খুঁজে বেড়াচ্ছে বানরের দল। বিশেষ করে শ্যামনগরের মুন্সিগঞ্জ সংলগ্ন, দোবেকি, খোলপেটুয়া ও শাকবাড়িয়া নদীর তীরঘেঁষা বনাঞ্চলে তাদের এমন বিচরণ চোখে পড়ে। কেওড়ার প্রাচুর্যে এ সময় বানরগুলো বেশ সতেজ ও কর্মচঞ্চল থাকে।
সুন্দরবনের জেলে ও বনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে কেওড়া ফল বেশি পাওয়া যায়। বনের প্রাণীদের অন্যতম খাদ্য এই ফল। জেলেরাও কেওড়া দিয়ে ডাল রান্না করেন। আবার ফল সেদ্ধ করে বড়শিতে গেঁথে মাছ ধরার টোপ হিসেবেও ব্যবহার করেন।
জেলে মুনছুর গাজী জানান, কেওড়ার মৌসুমে বানরগুলো প্রচুর ফল খায়। এতে তাদের শরীরে বেশ মেদ জমে এবং দেখতে মোটাসোটা লাগে। ফল শেষ হয়ে গেলে তারা গাছের কচি পাতা, ঘাস এমনকি নদীর তীরের কাঁকড়াও খায়। তখন আগের মতো হৃষ্টপুষ্ট দেখা যায় না।
সুন্দরবনের প্রাণীদের মধ্যে বানর ও হরিণের খাদ্য সংগ্রহের সম্পর্কও বেশ লক্ষণীয়। বানর গাছ থেকে ফল ও পাতা ছিঁড়ে নিচে ফেললে হরিণ সেগুলো খায়। আবার বনে বাঘের উপস্থিতি টের পেলে বানরের চিৎকারে সতর্ক হয়ে যায় আশপাশের প্রাণী।
খোলপেটুয়া নদীর তীরের কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রেও পর্যটকদের নজর কাড়ে বানরের এমন বিচরণ। কেওড়া ফল সহজলভ্য থাকায় এ সময় পর্যটকদের কাছ থেকে খাবার নেওয়ার প্রবণতাও কিছুটা কম দেখা যায়। তবে খাবারের আশায় মানুষের কাছে আসা বানর কখনো বিরক্ত হলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রের বনকর্মী মো. মহিউদ্দিনের মতে, কেওড়া সুন্দরবনের বানরের অন্যতম প্রধান খাদ্য। হরিণসহ বিভিন্ন প্রাণী ও পাখির খাদ্য জোগাতেও এ ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, আইইউসিএনের ২০২৩ সালের ডিসেম্বরের জরিপ অনুযায়ী, সুন্দরবনে বানরের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৪। ২০০৪ সালে এ সংখ্যা ছিল ৫১ হাজার। অর্থাৎ দুই দশকে বানরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সুন্দরবনের খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য রক্ষায় কেওড়াগাছের গুরুত্ব অপরিসীম। তাই কেওড়ার মৌসুম শুধু বানরের খাদ্যের প্রাচুর্যই নয়, বনের প্রাকৃতিক ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৯/১১/২৬
ক্রাইম বার্তা