সাতক্ষীরায় ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমন এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিজেদের আভিযানিক সফলতা তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ জন আসামিসহ ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি। এ সময় আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ ও উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুর রহমান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিলোমিটার। এ অঞ্চলে দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেন্সিডিল ও ২৪০ গ্রাম গাঁজাসহ প্রায় ৫১ কোটি ৯৮ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি। এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *