স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় ভোমরা স্থলবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতার নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তাঁরা হলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ আলী, সহসভাপতি মো. বাবু ও মো. পলাশ শাহ এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব ঢালী ও সহসাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরদার। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঘটনাস্থলে ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ‘সাতক্ষীরা ইনসাইডার্স’ নামে একটি ফেসবুক পেজে ১০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি সফল করতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অবরোধ কর্মসূচির একটি বার্তা প্রচার করা হয়। বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঙ্গলবার সকালে আলীপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁরা সাংবাদিকদের কাছে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান। সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্রাইম বার্তা