আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা:
বিদেশি কমলা চাষের ভিডিও দেখে শুরু হয়েছিল স্বপ্নের বীজ বোনা। সেই স্বপ্ন এখন বাস্তব। সাতক্ষীরার কলারোয়ার নোনা মাটিতে গড়ে তোলা বাগানে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। কোনো কোনো গাছে ফলন হয়েছে এক থেকে দেড় মণ পর্যন্ত। স্বাদে মিষ্টি, সঙ্গে হালকা টকভাব। স্থানীয় বাজার ছাড়িয়ে এ বাগানের কমলা এখন যাচ্ছে রাজধানী ঢাকাতেও।
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক আবদুল গফফারের প্রায় আড়াই বিঘা জমির বাগানে এমন দৃশ্য দেখা গেছে। বাগানে রয়েছে চায়না থ্রি জাতের ১৪৪টি কমলাগাছ। সাত থেকে আট বছর বয়সী গাছগুলোতে এবার বেশ ভালো ফলন হয়েছে। ২৫ নভেম্বর দুপুরে বাগানে গিয়ে দেখা যায়, সবুজ পাতার আড়ালে পাকা ও আধা পাকা কমলায় ছেয়ে আছে প্রতিটি গাছ। ফল সংগ্রহে ব্যস্ত শ্রমিকেরা কাঁচি দিয়ে কমলা কেটে বাঁশের ঝুড়িতে রাখছেন।
আবদুল গফফারের কমলা এখন স্থানীয় বাজারেও বেশ পরিচিতি পেয়েছে। বাগান থেকে প্রতি কেজি কমলা ১৩৭ টাকা দরে বিক্রি করছেন তিনি। পাইকারেরা কিনে ঢাকায় নিয়ে যাচ্ছেন। খুচরা বাজারে এসব কমলা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। চলতি মৌসুমে চার থেকে পাঁচ লাখ টাকার কমলা বিক্রির প্রত্যাশা তাঁর।
একসময় বিদেশে থাকা গফফার দেশে ফিরে আট-নয় বছর ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করেছেন। ২০১৮ সালের দিকে অবসর সময়ে ইউটিউবে চায়না থ্রি কমলা চাষের একটি ভিডিও তাঁর নজরে আসে। সেখান থেকেই আগ্রহ। পরে অন্য জেলার একটি বাগান ঘুরে কমলার স্বাদ নেওয়া এবং মাটি ও আবহাওয়া পর্যবেক্ষণ করে চাষের সিদ্ধান্ত নেন।
করোনাকালে রোজার মধ্যে মোটরসাইকেলে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রায় ২০০টি কলমের চারা সংগ্রহ করেন। কিছু চারা মারা যায়। জায়গায় ভবন নির্মাণ ও বড় গাছের ছায়ার কারণে কয়েকটি গাছও সরিয়ে ফেলতে হয়। তবে দমে যাননি তিনি। চারা রোপণের তিন বছর পর গাছে ফল আসতে শুরু করে।
গফফার জানান, সার, কীটনাশক ও পরিচর্যায় বছরে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি দুজন শ্রমিককে মাসে ছয় থেকে সাত হাজার টাকা করে মজুরি দিতে হয়। বাগানের কমলার স্বাদ সম্পর্কে তাঁর ভাষ্য, শুধু মিষ্টি নয়, এতে হালকা টকভাবও রয়েছে। ফলের রং, আকার ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেন তিনি।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৬৫ জন কৃষক ১০ হেক্টর জমিতে কমলা চাষ করছেন। হেক্টরপ্রতি গড় ফলন ১১ মেট্রিক টন হিসাবে বছরে উৎপাদন প্রায় ১১০ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ জানান, বিঘাপ্রতি কমলা বিক্রি থেকে আয় প্রায় ১ লাখ ৭৬ হাজার ৪০ টাকা। উৎপাদন ব্যয় ৫৫ হাজার টাকা বাদ দিলে সম্ভাব্য লাভ দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৪০ টাকা।
কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মণ্ডল বলেন, চায়না থ্রি ও ম্যান্ডারিন জাতের কমলা এ অঞ্চলের জন্য উপযোগী। সাতক্ষীরার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় কমলা চাষের সম্ভাবনা রয়েছে। তবে শুধু ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু না করে মাটি, আবহাওয়া, জাত ও চাষপদ্ধতি সম্পর্কে জেনে কৃষি বিভাগের পরামর্শ নেওয়া জরুরি। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানি করা কমলার ওপর নির্ভরতাও কমতে পারে।
এদিকে নিজের বাগানের সাফল্যে উৎসাহিত গফফার সম্প্রসারণ করছেন কমলা চাষ। পুরোনো বাগানের পাশেই আরও দেড় বিঘা জমিতে প্রায় দুই মাস আগে নতুন চারা লাগিয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, নিয়মিত পরিচর্যায় নতুন বাগানেও মিলবে কাঙ্ক্ষিত ফলন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৭/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা