আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ সীমানা ভাগ করেছে দুটি দেশকে, কিন্তু ভাগ করতে পারেনি মানুষের আত্মীয়তা, বন্ধুত্ব আর সামাজিক সম্পর্ক। কোথাও পাশাপাশি দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের বাড়িঘর। মাঝখানে নেই কাঁটাতারের বেড়া, রয়েছে শুধু একটি সীমান্ত পিলার। একই পুকুরের পাশে বসবাস, একই পথে চলাচল, এমনকি দুই দেশের শিশুদের একসঙ্গে খেলাধুলার দৃশ্যও দেখা যায় সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রামগুলোতে। তবে এই সহজ-সরল জীবনযাত্রার আড়ালে রয়েছে স্বজনদের সঙ্গে দেখা করতে না পারার দীর্ঘশ্বাস।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাড়দ্দাহ গ্রাম। এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পানিতর গ্রাম। দুই গ্রামের বাড়িঘর এতটাই কাছাকাছি যে প্রথম দেখায় কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত, তা বোঝা কঠিন।
স্থানীয়রা জানান, সীমান্তের পাশে পাশাপাশি পাঁচটি বাড়ি পাঁচ ভাইয়ের। চার ভাই দাউদ, আবেদ, মন্টু ও সিরাজুল গাজী ভারতের নাগরিক। অন্যদিকে ছোট ভাই শওকত গাজী বসবাস করেন বাংলাদেশের হাড়দ্দাহ গ্রামে। মাঝখানে সীমান্ত পিলার থাকলেও নেই কাঁটাতারের বেড়া। শওকত জানান, ভাইয়েরা ভারতের নাগরিক হলেও নিজের দেশ বাংলাদেশেই থাকতে ভালো লাগে তাঁর। স্ত্রী সাবিনা বিবির ভাষ্য, দুই দেশের নাগরিক হলেও পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো রয়েছে।
ভোমরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. পলাশ হোসেন জানান, হাড়দ্দাহ সীমান্তে বাংলাদেশের ১৫টি এবং ভারতের পানিতর গ্রামে ২২টি পরিবার বসবাস করে। দুই গ্রামের মানুষের মধ্যে বাড়িতে যাওয়া, দাওয়াত ও খাওয়াদাওয়ার সম্পর্ক রয়েছে। তবে সীমান্ত পারাপারে বিজিবিকে অবহিত করে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়।
সীমান্তের কাছেই শরিফুল ইসলামের চা ও মুদিদোকান। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি ব্যবসা করছেন। তাঁর দোকানে ভারতের নাগরিকেরাও কেনাকাটা করতে আসেন। দুই দেশের শিশুরাও সীমান্তবর্তী এলাকায় একসঙ্গে খেলাধুলা করে।
তবে ভোমরা ইউনিয়নের অন্য অংশে চিত্র কিছুটা ভিন্ন। কোথাও ধানখেতের আইল, কোথাও সরু নালা, আবার কোথাও পুকুর দুই দেশের সীমানা নির্ধারণ করেছে। এসব এলাকায় বিজিবি ও বিএসএফের নজরদারি রয়েছে।
১৯৪৭ সালের দেশভাগের সময় অনেক পরিবারের আত্মীয়স্বজন দুই দেশে ছড়িয়ে পড়েন। পদ্মশাখড়া গ্রামের শহিদুল ইসলাম (৬৫) জানান, ভারতের উত্তর ২৪ পরগনার বালতি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। একসময় সাইকেল চালিয়ে সেখানে যাতায়াত করতেন। কিন্তু তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবারের মতো দেখতে যেতে পারেননি। ভিডিও কলে তাঁকে শেষবার দেখেছেন। আত্মীয়দের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি দেখা হয়েছিল ২০১৪ সালে।
স্থানীয়দের দাবি, পদ্মশাখড়া গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতের নাগরিক। তাঁদের অনেকেই এখন মুঠোফোনে যোগাযোগ রাখেন। কেউ কেউ সুযোগ পেলে পাসপোর্ট-ভিসা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন।
দাসপাড়া গ্রামের তরুণ কৌশিক দাসের বাড়ির ওপারেই ভারতের অংশে তাঁর মাসির বাড়ি। ছোটবেলায় সেখানে যাতায়াত করলেও এখন আর সম্ভব হয় না। তাঁর ১৫ জোড়া কবুতর সীমান্ত পেরিয়ে ওপারে যায়, আবার বাড়িতে ফিরে আসে। অথচ ওপারে থাকা আত্মীয়দের কাছে যাওয়া হয় না তাঁর।
সাতক্ষীরার সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনে এ এক ভিন্ন বাস্তবতা। একই ভাষা, সংস্কৃতি ও আত্মীয়তার বন্ধন থাকলেও রাষ্ট্রীয় সীমানা ও ভিসার বিধিনিষেধে অনেক সম্পর্ক আটকে আছে দূরত্বের বেড়াজালে। মানচিত্রে দেশ আলাদা হলেও মানুষের হৃদয়ে আত্মীয়তার বন্ধন এখনো অটুট।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৮/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা