ডেস্ক রিপোট: দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে, কোথাও মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। আবার কোথাও বৈঠা হাতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গণপরিবহন, সরকারি-বেসরকারি স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। রাতভর চলা অগ্নিসংযোগ ও বিক্ষোভের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় সেতু ও সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা সদর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীরসহ বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়, পাটগাতী বাসস্ট্যান্ড ও টুঙ্গিপাড়া মোড় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে যোগ দিয়ে বিশাল মিছিল বের করেন। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি পাটগাতী স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। দিনভর চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে টায়ারে আগুন জালায় পিকেটাররা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে নেতাকর্মীরা গোল চত্তর এলাকায় জড়ো হয়ে পেট্রোল ঢেলে পুনরায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান পুলিশের হয়রানি বন্ধের আল্টিমেটাম দিয়ে স্থান ত্যাগ করলে পরিস্থিতি কিছুটা শিথিল হয়। এর আগে শহরের পৌর শিশুপার্ক এলাকায় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা, পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থান এবং ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুরেও টায়ার জ্বালিয়ে ও যানবাহন ভাঙচুর করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়া কাশিয়ানীর মহেশপুর রেলওয়ে স্টেশনেও গভীর রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য টুঙ্গিপাড়া ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে। সোমবার রাতের নাশকতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জেলাজুড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রাতের অগ্নিসংযোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। সেখানে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেয়ার ঘটনায় মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর বাসটি দাঁড় করানো ছিল। ওই সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুরে তিন বাস ও কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা।
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনি মাছ বাজারের বড় ব্রিজসংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।অবরোধ চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা পাম্পের পরবর্তী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। সারাদেশে ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ ও বিক্ষোভ করা হয় বলে জানা গেছে।
বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
পাবনায় পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ও চাঁদের গাড়ি।
বরগুনার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া, ট্রাকে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ক্রাইম বার্তা