রবিউল ফটোস্ট্যাট, তিন দশকের আস্থার ঠিকানা উচ্ছেদ-শঙ্কায় অনিশ্চিত ভবিষ্যৎ

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা” একটি ছোট্ট দোকান। একটি ফটোকপি মেশিন, খাতা-কলম আর প্রয়োজনীয় কিছু দাপ্তরিক সামগ্রী। অথচ এই দোকান ঘিরেই কেটে গেছে জীবনের প্রায় তিনটি দশক। প্রতিদিন অসংখ্য মানুষের প্রয়োজন মিটিয়ে অর্জন করেছেন আস্থা ও ভালোবাসা। কিন্তু সময়ের পরিক্রমায় এবার সেই পরিচিত ঠিকানাটিই হারানোর শঙ্কায় দিন কাটছে সাতক্ষীরার ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল ইসলামের।
সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ের লাবণী সিনেমা হলসংলগ্ন ‘রবিউল ফটোস্ট্যাট’। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এখানে সেবা দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রবিউল ইসলাম। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি করাতে অনেকের কাছেই পরিচিত নাম এই প্রতিষ্ঠান।
রবিউল ফটোস্ট্যাটের অন্যতম বৈশিষ্ট্য সাশ্রয়ী সেবা। অল্প লাভে বেশি মানুষের সেবা দেওয়ার এই মানসিকতাই তাঁকে গ্রাহকদের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বদলেছে ব্যবসার ধরনও। একসময় ফটোস্ট্যাট ছিল নতুন প্রযুক্তি। এখন শহরের প্রায় প্রতিটি মোড়েই ফটোকপির দোকান। বেড়েছে প্রতিযোগিতা, বেড়েছে কাগজ, কালি ও যন্ত্রপাতির দাম। আগের তুলনায় কাজ কিছুটা কমলেও সাশ্রয়ী সেবা দিয়ে ব্যবসা ধরে রেখেছেন রবিউল। এই আয়েই চলে তাঁর সংসার। গ্রামের বাড়ি লাবসায় পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ জীবনযাপন করেন। শুরু করেছেন নিজের বাড়ি নির্মাণের কাজও, যদিও তা এখনো শেষ হয়নি।

রবিউল ইসলামের ভাষায়, “আগে সংসার চালাতে অনেক কষ্ট হতো। এখন এই ব্যবসা করেই মোটামুটি সংসার চলছে। সব খরচ মিটিয়ে অল্প কিছু টাকা থাকে। আল্লাহর কাছে শুকরিয়া, এতেই ভালো আছি।”
তবে দীর্ঘদিনের এই পথচলায় এবার নতুন উদ্বেগ তৈরি হয়েছে। লাবণী মোড়ে প্রস্তাবিত গোলচত্বর নির্মাণ ও সড়ক সম্প্রসারণের উদ্যোগের কারণে তাঁর দোকানসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। উন্নয়নকাজ বাস্তবায়িত হলে যেকোনো সময় হারাতে হতে পারে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল।
তিন দশক ধরে যে জায়গায় বসে জীবিকা নির্বাহ করেছেন, সেটি ছেড়ে কোথায় যাবেন, কোথায় নতুন করে ব্যবসা শুরু করবেন—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। নতুন জায়গায় দোকান গড়া, আর্থিক সামর্থ্য জোগাড় করা এবং পুরোনো গ্রাহকদের কাছে আবার পরিচিত হয়ে ওঠা—সবই তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জ।
রবিউলের কাছে দোকানটি কেবল আয়-রোজগারের জায়গা নয়; এটি তাঁর জীবনের দীর্ঘ শ্রম, সংগ্রাম, স্মৃতি ও পরিচয়ের অংশ। উন্নয়ন মানুষের চলাচল সহজ করবে, শহরের সৌন্দর্য বাড়াবে—এ প্রত্যাশা সবার। তবে সেই উন্নয়নের পথে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টিও যেন গুরুত্ব পায়।
তিন দশক ধরে যে ঠিকানায় মানুষ তাঁকে খুঁজে পেয়েছে, হয়তো একদিন সেই ঠিকানা আর থাকবে না। কিন্তু রবিউল ইসলামের প্রত্যাশা, জীবিকার এই দীর্ঘ পথচলা যেন থেমে না যায়। নতুন ঠিকানায় হলেও যেন আবার মানুষের প্রয়োজন মেটানোর সুযোগ পান তিনি।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৪/১১/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *