ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপস নয়, স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর মাসে দলীয় কর্মসূচি আরও জোরদার করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দলীয় কর্মসূচিগুলোকে আরও প্রাণবন্ত ও গতিশীল করতে আগামী ডিসেম্বর মাসে সর্বশক্তি নিয়ে মাঠে থাকতে হবে। তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। পাপের বোঝা বেশি বলেই তারা দেশ ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না জামায়াত। তবে ফ্যাসিস্টদের রেখে যাওয়া ‘ভাইরাস’ বর্তমান সরকারের মধ্যেও রয়ে গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার সেই পথ থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকারের কর্মকাণ্ডে মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা অনিয়ম বরদাশত করা হবে না। ভোট ডাকাতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষা খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের বিভিন্ন সরকারি সূত্রে পলাতক শেখ হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ও নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রকাশিত বক্তব্যের সমালোচনা করেন।
সম্মেলনে জামায়াতের যুব অঙ্গসংগঠনের প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা